শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে একদিনে দুটি অজগর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই  
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে একদিনে দুটি অজগর উদ্ধার
মিরসরাইয়ে একদিনে দুটি অজগর উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একদিনে পৃথক দুইটি স্থান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার করেরহাট ও জোরারগঞ্জ এলাকায় থেকে অজগর দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্রায় ৭ ফুট এবং অপরটি প্রায় ৮ ফুট লম্বা।

শুক্রবার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর শাহজাহান মাস্টারের বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়। 

খাবারের সন্ধানে লোকালয়ে এসে অজগরটি ধানক্ষেতের পাশে জালে আটকা পড়ে। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ দলের সদস্য সালাউদ্দিন মাহাদী ও নওশিন হোসেন নিরব সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের সদস্য সালাউদ্দিন মাহাদী বলেন, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে এসে ধান ক্ষেতের নেটের জালে আটকা পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিরাপদে অজগরটি উদ্ধার করি।

একই দিন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় মিয়াগ্রামের আজিজ মিয়ার বাড়ির আঙিনা থেকে প্রায় ৮ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়। জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামানের নেতৃত্বে অজগরটি উদ্ধার করা হয়। এ সময় রহিম উদ্দিন, আলতাফ হোসেন ও সাফায়েত সহযোগিতা করেন।

জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, অজগরটি লোকালয়ে চলে আসায় স্থানীয়রা বিষয়টি আমাদের জানান। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নিরাপদে সাপটি উদ্ধার করি। উদ্ধার করা অজগরটি মহামায়া ইকো-পার্কে অবমুক্ত করা হয়।

এমএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর