‘পালিয়ে যাওয়া সংগঠনের (আওয়ামী লীগ) সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ২০২৪-এর ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটা ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। এ ব্যাপারে আমরা একটু সজাগ ও সতর্ক থাকব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী বলেন, বিরোধী দলে যারা আছেন, তাদেরকে চিন্তা করতে হবে- বিএনপি সরকারি দল, ৬ মাসে সব কাজ করা সম্ভব না। তাহলে বিরোধী দল এখন কথায় কথায় মিছিল করবে, মিটিং করবে, লংমার্চ ও রোডমার্চ করবে- এটা কি মানানসই?
তিনি বলেন, ‘নির্বাচনের আগে উনারা বলেছেন, উনারা আল্লাহর দল। উনারা আপনাদেরকে জান্নাত দিতে পারবে। তারা এ ধরনের বক্তব্য দিয়ে দুর্বল জায়গায় আঘাত করে, আমাদের মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে কোনো দল কি জান্নাত দিতে পারে? জান্নাত সম্পূর্ণ ঈমান এবং আকিদার ব্যাপার। এটা আল্লাহর হুকুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগম প্রমুখ।
প্রতিনিধি/এলএ




