কিশোরগঞ্জের ভৈরবে অগ্নিকাণ্ডে ১০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কের একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট হওয়ার পর একটি বসতঘরের ফ্রিজে আগুন ধরে যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। চণ্ডিবের ঘুড়ি মার্কা ভবনের পাশের গলিতে একের পর এক বসতঘর আগুনে পুড়ে যায়।
আরও পড়ুন: জালালের দোকান-বাড়ি আগুনে পুড়ে ছাই
অগ্নিকাণ্ডে কালাম মিয়া, মতি মিয়া, আহমেদ মিয়া, মহব্বত মিয়া, ফজলু ও আয়েত আলীসহ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্রসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভৈরব নদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে কাজ চলছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে। ঘটনাস্থলের সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।




