বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো তুবা স্কুলে ফিরল ইউএনওর হাত ধরে

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো তুবা স্কুলে ফিরল ইউএনওর হাত ধরে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তুবার হাত ধরে তাকে বিদ্যালয়ে পৌঁছে দেন।

বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা তুবা এবার বিদ্যালয়ে ফিরেছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তুবার হাত ধরে তাকে বিদ্যালয়ে পৌঁছে দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় তুবার বাড়িতে যান ইউএনও। সেখান থেকে তুবাকে সঙ্গে নিয়ে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেন তিনি। দীর্ঘ চার মাস পর বিদ্যালয়ে ফিরে তুবাকে স্বাগত জানান শিক্ষক ও সহপাঠীরা।

IMG_20261001_17241964

তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার মেয়ে তুবা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। অর্থ সংকটসহ নানা কারণে গত চার মাস সে স্কুলে যেতে পারেনি। ইউএনও স্যারের সহযোগিতায় আবার আমার মেয়ে স্কুলে ফিরতে পারছে।’

IMG_20261001_17241212

ইউএনও মো. আলী সুজা বলেন, ‘এতদিন তুবা স্কুলে যেতে পারেনি, বিষয়টি দুঃখজনক। তাই আমি নিজেই তাকে নিয়ে বিদ্যালয়ে এসেছি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

আরও পড়ুন

খুঁটি বাঁধা বাবাকে চা-রুটিটি দেওয়া সেই শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

IMG_20261001_17235503

তিনি আরও বলেন, তুবার বাবা অনিককে ইতোমধ্যে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টিও প্রশাসনের নজরদারিতে থাকবে।

IMG_20261001_17235503

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে কথিত চুরির অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। ওই সময় হাত বাঁধা অবস্থায় বাবার কাছে যায় তুবা। সে নিজের হাতে বাবাকে চা ও রুটি খাওয়ায়। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে আলোচনা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর