ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদ (৪৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে ও কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আজ সকাল ৯টার দিকে দ্রুতগতির কুষ্টিয়াগামী রুপসা পরিবহন কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এসে শহরের দিক থেকে আসা আব্দুস সামাদের মোটরসাইকেলে সাজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। এ সময় আরেক ব্যক্তি আহত হন। প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় মেলেনি।
আরও পড়ুন
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন। এ সময় আরেক অজ্ঞাত ব্যক্তি আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তি শঙ্কামুক্ত আছেন।
প্রতিনিধি/টিবি




