ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজাসহ তিন নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকদের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার এক তেলপাম্প থেকে ওই তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন— নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন মিটিংয়ে অংশ নিয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশের এক তেলপাম্প থেকে তিনজনকে আটক করা হয়। আটকের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। আরেকজন ঢাকা মহানগর শ্রমিক লীগের কমিটির পদধারী নেতা। আটক অপর জন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পরে আটকদের আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/টিবি




