ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মালবাহী ট্রেনের সানটিংয়ের সময় তেলবাহী কন্টেইনার ট্রেনের একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া থেকে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ১৪ নম্বর ইয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৯৬২ নম্বর ট্রেনের সানটিংয়ের সময় ৬৩০৫৯ নম্বর খালি তেলের ওয়াগনের সামনের অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইন ব্লক হয়ে যায়।
জানা গেছে, শ্রীমঙ্গল থেকে মোট ২১টি ওয়াগন নিয়ে ট্রেনটি আখাউড়া জংশনে আসে। এর মধ্যে নয়টি ওয়াগন আখাউড়া রেলস্টেশনে রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার কথা ছিল। সানটিংয়ের সময়ই দুর্ঘটনাটি ঘটে।
আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আখাউড়া জংশনে প্রবেশের পথে ডাউন লাইনে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওয়াগনটি উদ্ধার করে রেললাইন সচল করার কাজ চলছে।
দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। উদ্ধারকাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিনিধি/এএইচ




