শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে আল-আমিন ঢালী নামের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদরাসা গেইট এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল হয়। মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে জাজিরা থানার একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীদের অনেকে সরে যান। এ সময় আল-আমিন ঢালীকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আল-আমিন ঢালী উপজেলার মূলনা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও শরীয়তপুর জেলা ছাত্রলীগের সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জাজিরা বিকেনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মীর উপস্থিতি এবং বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও শোনা যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসেও জাজিরার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের মিছিল ও কর্মসূচির খবর পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে সংগঠনটির নেতা-কর্মীদের মিছিলের খবর পাওয়া যায়।
এ ছাড়া ২৬ সেপ্টেম্বর রাতে জাজিরার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে উপস্থিত ব্যক্তিরা সরে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপরও জাজিরার বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতা-কর্মীদের মিছিল ও কর্মসূচির খবর পাওয়া যাচ্ছে।
জাজিরা থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, মিছিল চলাকালে আল-আমিন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, বিকেনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল চলাকালে আল-আমিন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এসএস




