বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী তরুণী মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত রাকিব মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পৌর শহরে এক পল্লী চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন। ভুক্তভোগী তরুণীও একই ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগে তরুণী বলেন, রাকিবের সঙ্গে তার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও রাকিব মুঠোফোনে যোগাযোগ করতেন এবং তার সঙ্গে পুনরায় সম্পর্ক না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিতেন। একপর্যায়ে তাদের মধ্যে আবার সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, গত ৮ জুন রাতে রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে তার স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে রাত আটটার দিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

তরুণীর অভিযোগ, এরপরও রাকিব তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হন। তখন রাকিব বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাকে ট্যাবলেট খাওয়ান। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। রাকিবের সঙ্গে মেসেঞ্জারে হওয়া কথোপকথনের তথ্য তার কাছে সংরক্ষিত আছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তরুণী।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ওই তরুণী রাকিবের কর্মস্থল হিসেবে উল্লেখ করা হাসপাতাল রোডের একটি পল্লী চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন। এ সময় রাকিব তাকে গালিগালাজ করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে সুযোগ পেলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান রাকিব।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাকিবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগটি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর