নোয়াখালী শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এনএম নাসির উদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান।
জানা যায়, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসংলগ্ন সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। এতে সড়ক সংকুচিত হয়ে যানজট সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি হাসপাতালমুখী রোগী, স্বজন ও পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটছিল।

জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, হাসপাতাল সড়কটি অত্যন্ত ব্যস্ত। এখানে সরকারি হাসপাতালের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসার জন্য এ সড়ক ব্যবহার করেন। সড়কের দুই পাশে অবৈধভাবে দোকান বসানো এবং বিভিন্ন পণ্য বিক্রির কারণে রাস্তা সংকুচিত হয়ে যানজট তৈরি হচ্ছে। এতে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
তিনি বলেন, অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানো থেকে বিরত থাকতে আগে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। এরপরও দখল অব্যাহত থাকায় জনস্বার্থে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সুপার এনএম নাসির উদ্দীন বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেছে। হাসপাতাল সড়কের পরিবেশ স্বাভাবিক রাখা ও পথচারীদের চলাচলের জায়গা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ দখলমুক্ত রাখতে জেলা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবে।
অভিযানে জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




