নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে সরকারি সার ডিলার নিয়োগের তালিকা নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সদস্যের ছেলে ও ভাগিনার নাম তালিকায় থাকায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, অভিজ্ঞ ও প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মো. মাবরুক আল ইসলাম জোয়াদ জাবি শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছিল। এ ছাড়া ২০২৩ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, ডিলার নিয়োগের সুপারিশকারী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন নিজের প্রভাব খাটিয়ে তার ছেলে জোয়ারের মালিকানাধীন ‘মাবরুক বিজনেস সেন্টার’-এর নাম তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছেন। একই তালিকায় তার ভাগিনা আবু তাহের সরকারের নামও রয়েছে। তিনি চাল ব্যবসার সঙ্গে যুক্ত।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, একই পরিবারের দুই সদস্যের নাম তালিকায় থাকায় প্রকৃত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মনোয়ার হোসেন, মাবরুক আল ইসলাম জোয়াদ ও আবু তাহের সরকারের বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, গয়াবাড়ী ইউনিয়নে সার ডিলারশিপের জন্য মোট ১০ জন ব্যবসায়ী আবেদন করেছেন। তারা হলেন মেসার্স সেকেন্দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেকেন্দার আলী, মাবরুক বিজনেস সেন্টারের মো. মাবরুক আল ইসলাম জোয়াদ, মো. মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম, হরিদাস চন্দ্র রায়, মো. দুলাল হোসেন, মো. সোহাগ মিয়া, মো. আবু তাহের সরকার, মো. আব্দুল গাফফার ও মো. লুৎফর রহমান।
এ ঘটনায় সার ডিলার নিয়োগের তালিকা থেকে জোয়াদের নাম বাতিল এবং পুরো প্রক্রিয়ার অনিয়ম তদন্তের দাবি জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। অভিযোগে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ‘সার ডিলার নিয়োগ কমিটির মাধ্যমে তালিকাগুলো আমাদের কাছে এসেছে। যোগ্য ব্যক্তিদের তালিকা পাঠানো হয়েছে। কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে। উপজেলা প্রশাসনের দায়িত্ব নেই তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাই করা।’
প্রতিনিধি/এসএস




