মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিশু মাহিদা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

শিশু মাহিদা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্দিদিল গ্রামে ৬ বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার দায়ে গ্রেফতার চাচাতো চাচা জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আন্দিদিল গ্রামবাসীর আয়োজনে আদালত ফটক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়েতের আমীর মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক এড. আব্দুল হাই, নিহতের মা মনিরা আক্তার, চাচা মো. সজিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রী ও ৬ বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন ঘটনা যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়, সে জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাহিদা হত্যার ঘটনায় অভিযুক্ত জাহিদুলের ১ মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদের কাছে মাহিদা হত্যার দ্রুত বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ, গত শুক্রবার দুপুরে ঘাতক জাহিদুল মাহিদাকে পানি খাওয়ার কথা বলে একটি বসতঘরে ডেকে নিয়ে যায়৷ সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করে। পরে মাহিদার মা মনিরা বেগম তার মেয়ের খোঁজ না পেয়ে সন্দেহ বসত জাহিদুলের ঘরে প্রবেশ করলে তার মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে অচেতন অবস্থায় মাহিদাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর পরই জাহিদুলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জাহিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর