বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুরের খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
গ্রেফতার হওয়া অন্য ব্যক্তিরা হলেন— বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি শেখ আরমান হোসেন রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস।
জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া ও সদর থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে গ্রেফতার হওয়া চার আসামিকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
প্রতিনিধি/টিবি




