মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গৃহবধূ হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ এএম

শেয়ার করুন:

গৃহবধূ হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের নেছারাবাদে মাকসুদা বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান ওই রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন— পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সিকদারের ছেলে রাজু সিকদার, বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের কাঞ্চন ঘরামীর ছেলে মো. ইমরান এবং মেয়ে জ্যোৎস্না।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত জ্যোৎস্না পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামের মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। দণ্ডপ্রাপ্ত রাজু জ্যোৎস্নার স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেত। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। সেই প্রতিশোধ নিতে পরদিন ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজু ও জ্যোৎস্নার ভাই ইমরান ওই বাড়িতে ঢুকে মাকসুদাকে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়। আদালতে সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় বাদীপক্ষে রাষ্ট্রের হয়ে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর