সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

দুই দফা সময় বাড়ানোর পর প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

দুই দফা সময় বাড়ানোর পর প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা
ফাইল ছবি। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) কর্ম দিবসের শেষ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। দুই দফা সময় বাড়ানোর পর হাসপাতালের পরিচালকের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তবে তদন্তে কী উঠে এসেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ও তদন্ত কমিটির সদস্যসচিব মোহাম্মদ মাইনউদ্দিন খান প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই দফা মেয়াদ বাড়িয়ে তদন্ত শেষ করার পর সোমবার শেষ সময়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তদন্ত প্রতিবেদনটি অত্যন্ত গোপনীয়। এ কারণে সিলগালা করা খামে হাসপাতালের পরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। পরিচালক সোমবার প্রতিবেদনটি দেখার সুযোগ পাননি। মঙ্গলবার প্রতিবেদন পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত পরিচালকের মাধ্যমে জানা যাবে।

তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে কমিটির প্রধান গোলাম রহমান ভূঁইয়া, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং উপ-পরিচালক জাকিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

গত ১৫ সেপ্টেম্বর হাসপাতাল প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করায় সমালোচনা তৈরি হলে কমিটিটি বাতিল করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর ছয় সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়। তদন্তের জন্য প্রথমে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হলেও পরে প্রথম দফায় পাঁচ কার্যদিবস এবং দ্বিতীয় দফায় আরও তিন কার্যদিবস সময় বাড়ানো হয়। সব প্রক্রিয়া শেষে সোমবার প্রতিবেদন জমা দেয় কমিটি।

একই ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। সোমবার পর্যন্ত প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছিল বলে জানিয়েছেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। কমিটির সব সদস্যের পৃথক মতামত নিয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে তদন্তকাজ সম্পন্ন করা হচ্ছে। দ্রুত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন তারা।

গত ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুনের ঘটনা ঘটে। এ সময় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য সামনে এলেও পদদলিত হয়ে মৃত্যুর বিষয়টি শুরু থেকেই নাকচ করে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর