সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রিজন ভ্যান থেকে বন্দির পলায়ন, পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

প্রিজন ভ্যান থেকে বন্দির পলায়ন, পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
পুলিশের লোগো।

টয়লেটে যাওয়ার কথা বলে পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেফতার রাজা ওরফে ‘পিচ্চি’ রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিটিএসবির উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই (এবি) শ্রী প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল ও ড্রাইভার নায়েক কামাল।

আরও পড়ুন

কিশোর গ্যাং ঠেকাতে চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৭০

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকালে বিচারিক কার্যক্রমের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে বিকেলে তাদের আবার কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল।

পথে রাজা টয়লেটে যাবেন বলে চিৎকার শুরু করেন। গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পৌঁছালে সঙ্গে থাকা এসআই তাকে টয়লেটে নেওয়ার জন্য প্রিজন ভ্যান থেকে নামান। এ সময় সুযোগ নিয়ে রাজা দৌড়ে পালিয়ে যান। পরে বাকি ২৯ আসামিকে কারাগারে নেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত জেলার জাহাঙ্গীর আলম বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ এই কারাগারে বন্দি ছিলেন। রোববার তাকে পুলিশ আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে তিনি পালিয়ে যান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর