সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কিশোর গ্যাং ঠেকাতে চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৭০

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

কিশোর গ্যাং ঠেকাতে চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৭০

কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুর জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৩৭০ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশক্রমে এবং চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের আটক করে তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হয়।

রাত সোয়া ১১টার দিকে অভিযানের বিষয়ে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর।

তিনি জানান, জেলার সব থানা ও ডিবি পুলিশের অভিযানে সর্বমোট ৩৭০ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কারও বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটকদের মধ্যে কয়েকজনের মাদক সংশ্লিষ্টতা এবং অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব বিষয় যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অভিযানে আটক সবাই যে অপরাধের সঙ্গে জড়িত, এমনটি নয়। যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যায়নি, তাদের অভিভাবকদের ডেকে সন্তানদের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ সময় অভিভাবকদের সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং ভবিষ্যতে যাতে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক করা হয়। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশের কর্মকর্তারা বলছেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে পারিবারিক নজরদারির ঘাটতি, অপরাধপ্রবণ পরিবেশ এবং বিভিন্ন ধরনের অনলাইন কার্যক্রমসহ নানা বিষয় ভূমিকা রাখতে পারে। তাই কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের সঠিকভাবে পরিচালনা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর