সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এক গ্রামেই ৩৭ ‘জিনের বাদশা’! ভিডিওর ফাঁদে ফেলে লাখ লাখ টাকা আত্মসাৎ

মো. লিটন হোসেন লিমন, নাটোর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম

শেয়ার করুন:

এক গ্রামেই ৩৭ ‘জিনের বাদশা’! ভিডিওর ফাঁদে ফেলে লাখ লাখ টাকা আত্মসাৎ
জীনের বাদশা সেজে প্রতারণা

রাত হলেই লাল-সাদা কাপড়ে যুবকরা বনে যান তান্ত্রিক ও জীনের বাদশায়। নির্জন ও জনমানবহীন বাগানে তৈরি করা হয় কথিত তান্ত্রিকের শুটিংয়ের আসন। শুরু হয় তাদের ভৌতিক ও অলৌকিক নানা কর্মকাণ্ড। গাছে গাছে আগুন, মাটির হাড়িতে ধোঁয়া, চারপাশে মোমবাতিতে আগুন জ্বালিয়ে নাটক ও সিনেমার মত হুবুহু চালানো হয় ভৌতিক কর্মকাণ্ড। কখনো জীবত মানুষকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়। আবার কখনো জীন-ভূত হাজির করে অশুভ শক্তির প্রভাব দূর করার অলৌকিক ক্ষমতার দৃশ্য করা হয় ধারণ। নানা কৌশলে অলৌকিক ও ভৌতিক ভিডিও ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয় প্রচার। তাদের এসব কর্মকাণ্ডে বিশ্বাস করে প্রতারণা ফাঁদে পা দেন সহজ-সরল প্রবাসী ও রোগীরা। নানা কৌশলে প্রতারকরা হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমহন গ্রামের অন্তত ৩৭ জন কথিত জীনের বাদশা বা তান্ত্রিক। এই চক্রের প্রায় দুই শতাধিক রয়েছে সহযোগী।

গত ১৯ সেপ্টেম্বর চাঁদাবাজি মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কথিত  কবিরাজ সোহান ও সোহাগসহ চারজন। কয়েক মাস আগে ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আস্তানা ছেড়ে পালিয়ে যায় কথিত জীনের বাদশা ও তান্ত্রিকরা। এরপর তাদের প্রতারণার কর্মকাণ্ড কিছুদিন বন্ধ থাকলেও আবারো সক্রিয় হয়ে উঠছে এই প্রতারক চক্রটি।

IMG-20260927-WA0012

ভুক্তভোগীদের ভাষ্য, নিজেদের অদ্ভুত কণ্ঠ ও ভয়ংকর দৃষ্টিভঙ্গির মাধ্যমে কালো যাদু দূরকরণ, রোগমুক্তি, ভাগ্য পরিবর্তন ও ভৌতিক ভিডিও ধারণ করে তা প্রচার করে প্রতারকরা। প্রবাসীরা অলৌকিক ক্ষমতার ভিডিও দেখে পরিবারের উপরে থাকা কথিত অশুভ শক্তির প্রভাবসহ বিভিন্ন সমস্যা দূর করতে যোগাযোগ করেন কথিত জীনের বাদশা ও কবিরাজদের সঙ্গে। এরপর রোগ মুক্তির আশ্বাসে মোবাইল ফোনে দেওয়া হয় প্রতিশ্রুতি। প্রথমে জীন হাজির করার কথা বলে রোগী ও স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হয় ২০০- ৩০০ টাকা। এরপর চিকিৎসার নানা প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে বাড়াতে থাকে টাকার পরিমাণ। একপর্যায়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সৌদি আরব, ইউরোপে থাকা প্রবাসীদের টার্গেট করা হয়। প্রতারণা ছাড়াও তাদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি ও মাদক কারবারিসহ নানা অপরাধের অভিযোগ। এসব অপকর্মের সঙ্গে জড়িত বেশিরভাগই যুবক।

IMG-20260927-WA0014

পাবনার মো. তোফাজ্জল হোসেন জানান, সমস্যা সমাধানের আশ্বাসে কথিত জীনের বাদশা মো. সোহান, মো. সোহাগ ও সাব্বির আহম্মেদ সাবু বিভিন্ন কৌশলে ধাপে ধাপে তার কাছ থেকে টাকা নিতে থাকে। কয়েক মাসে কথিত জীনের বাদশারা ২ লাখ ৩৪ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। তাদের প্রতারণা ফাঁদ বুঝতে পেরে টাকা উদ্ধারে কথিত জীনের বাদশার বাড়িতে যান। সেখানে টাকা ফেরত চাইলে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে থানায় প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ দেন তিনি।

IMG-20260927-WA0011

প্রতারণার শিকার সৌদি আরব প্রবাসী দয়াল খান জানান, আমার অসুস্থ মেয়েকে অনেক চিকিৎসা করিয়েও সুস্থ হয়নি। একপর্যায়ে ইউটিউবের মাধ্যমে  কথিত ‘জিনের বাদশা’ ইমরানের সঙ্গে যোগাযোগ হয়। মেয়েকে সুস্থ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ইমরানের চক্র তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। তবে দীর্ঘদিনের তার কবিরাজি চিকিৎসায় কোনো উন্নতি হয়নি বরং স্বাস্থ্যের অবনতি হয়েছে। টাকা ফেরত চাইলে তাকে জিনের মাধ্যমে ক্ষতি করার ভয় দেখানো হয়। এমনকি বাড়ি থেকে উঠিয়ে আনার হুমকিও দেওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য: একসময় কথিত জীনের বাদশা বা তান্ত্রিকরা  কৃষিকাজ বা শ্রমিকের কাজ করতেন। হঠাৎ করে অনেকেই এখন বিপুল সম্পদের মালিক হয়েছেন। অনেকের রয়েছে ৩ থেকে ৪ তলা ভবন। রয়েছে একাধিক গাড়ি এবং বিপুল অর্থসম্পদ।

IMG-20260927-WA0013

তারা কবিরাজ ও তান্ত্রিক সেজে নাটক ও সিনেমার মত শুটিং করে। সেজন্য তারা নির্জন বাগানে আগুন জ্বালিয়ে ভৌতিক পরিবেশ তৈরি করে তা ক্যামেরায় ধারণ করেন। এসব ভিডিও ফেসবুক ও ইউটিউবে প্রচার করে প্রতারণা শুরু করে। প্রতারকরা এলাকায় অনেক প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলেন না।

 

নাটোরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, এর আগে প্রতারকদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে তাদের কর্মকাণ্ড বন্ধ করে দেন। আবারও যদি তারা নতুন করে মানুষের সঙ্গে প্রতারণা কর্মকাণ্ড শুরু করে থাকে, তাহলে বড় পরিসরে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান পরিচালনা করব। প্রকৃত প্রতারক চক্রদের আটকের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এসব প্রতারক চক্রের কাছ থেকে সাধারণ মানুষদেরকে বিরত থাকারও অনুরোধ জানান এ কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর