সিরাজগঞ্জে অনলাইন অ্যাপে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার জিনের বাদশা আব্দুল হামিদ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
বিজ্ঞাপন
বুধবার (২ জুন) দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
পুলিশ জানায়, হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্রকল্পের অ্যাপসে বিনিয়োগের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করেন। পরে ‘সিইএফ’ নামে আরেকটি অ্যাপসে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। একপর্যায়ে অ্যাপসগুলো বন্ধ হয়ে গেলে গ্রাহকরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় সদর উপজেলা কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী (১ জুন) মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে পুলিশ গতকাল রাতে বনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে হামিদকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ট্যাব, একটি স্মার্টফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এছাড়া ‘Hamkail Moakael’ নামে টেলিগ্রাম আইডি ব্যবহার করে ‘জিনের বাদশা’ পরিচয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার তথ্যও পাওয়া গেছে। গ্রেফতার জিনের বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




