রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

বাউফলে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে
কারাগারে পাঠানো দুই আসামি হলেন এনামুল হক এনা (৩৫) ও মো. রিয়াজ (৩৭)।

পটুয়াখালীর বাউফলে একটি বাড়িতে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় দুই সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন এনামুল হক এনা (৩৫) ও মো. রিয়াজ (৩৭)। এনামুল হক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপকূলীয় প্রতিনিধি এবং মো. রিয়াজ দৈনিক জাগো জনতার বাউফল উপজেলা প্রতিনিধি।

আদালত সূত্রে জানা যায়, মিসকেস নম্বর ১১৮৯/২৬-এর শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী মো. আনোয়ার হোসেন (৫) জামিনের আবেদন করেন। এর আগে উচ্চ আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী রোববার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার ও বাদীর বক্তব্য অনুযায়ী, গত ২৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে এনামুল হক, মো. রিয়াজসহ আরও কয়েকজন বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের একটি বাড়িতে যান। তারা নিজেদের সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে ওই পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বাদী রতন মন্ডলের অভিযোগ, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ভয়ভীতি দেখান এবং ঘরে আগুন দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা স্থানীয় এক দোকানির কাছ থেকে ধার করে ২০ হাজার টাকা দেন। পরদিন আরও ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিলে অভিযুক্তরা চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে ওই মুসলিম পরিবারের এক মেয়ে প্রেমের সম্পর্কের কারণে বাড়ি থেকে পালিয়ে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে বিয়ে করেন। বর্তমানে ওই নারী হিন্দু ধর্ম পালন করছেন এবং তাদের আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পুরোনো ওই ঘটনাকে সামনে এনে অভিযুক্তরা পরিবারটির কাছে টাকা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ২৮ জুলাই বাউফল থানায় মামলা করেন রতন মন্ডল। মামলায় এনামুল হক এনা ও মো. রিয়াজের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ তাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে।

আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী রতন মন্ডল বলেন, ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর