বরিশাল নগরীর বটতলা এলাকায় একটি বাসায় গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে নগরীর হালিমা খাতুন স্কুলসংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি। তবে ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশের দাবি, আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ঘিরে নগরীতে নাশকতা সৃষ্টির উদ্দেশে ওই বৈঠক চলছিল। শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ ও নগর গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল সেখানে অভিযান চালায়। এ সময় বৈঠকস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।
ওসি আল মামুন উল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনা করার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহে বরিশাল নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
প্রতিনিধি/এলএ




