রাজশাহীর মোহনপুরে মধ্যরাতে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা ও বাবাকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পরে অভিযুক্ত ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ছেলের নাম আমিনুল ইসলাম (৩২)। তিনি ওই এলাকার মুজিব সরদারের ছেলে। নিহতের নাম মোছা. জান্নাতুন (৫৫)। তিনি আমিনুলের মা ও মুজিবের স্ত্রী।
স্থানীয়রা জানান, জান্নাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছেলে আমিনুল। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রতিনিধি/টিবি




