ফেনীতে নিম্নমানের চিপস বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নকল মোড়কে ভরে বিক্রি এবং পণ্যের মেয়াদ উল্লেখ না করার অভিযোগে মেসার্স আহাদ ফুড প্রোডাক্টস নামের একটি শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ নকল মোড়কের রিল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় অভিযান চালায়। সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অধিদফতর সূত্রে জানা যায়, মেসার্স আহাদ ফুড প্রোডাক্টস বাজার থেকে নিম্নমানের চিপস কিনে এনে পোড়া তেলে ভাজত। পরে পাশের একটি বসতবাড়িতে দেশের বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নকল মোড়ক ব্যবহার করে এসব চিপস বাজারজাত করা হতো।

অভিযানে নরসিংদীর দেশবন্ধু গ্রুপের ‘হাটবিট চিপস’, মানিকগঞ্জের সুপার ফুডের ‘মৌসুমী চিপস’, ছাগলনাইয়া বিশ্বরোড ঠিকানার আলম ফুডের ‘বারবি কিউ মাসালা চিপস’সহ ‘ছুটি’, ‘সততা’ ও ‘জসিম’ ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল মোড়কের রিল উদ্ধার করা হয়।
অধিদফতর আরও জানায়, প্রতিষ্ঠানটির মালিক বিএসটিআই থেকে শুধু ‘খুকি রিংস চিপস’ নামের একটি পণ্যের অনুমোদন নিয়েছিলেন। তবে অন্য বিভিন্ন ব্র্যান্ডের নামে চিপস বাজারজাত করা হচ্ছিল। এসব শিশুখাদ্যের প্যাকেটে মেয়াদ ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা ছিল না।
এ ছাড়া শিশুদের আকৃষ্ট করতে চিপসের প্যাকেটের ভেতরে খাবারের সঙ্গে সরাসরি প্লাস্টিকের খেলনা রাখা হতো বলে অভিযানে তথ্য পাওয়া যায়। অধিদফতরের কর্মকর্তারা এটিকে স্বাস্থ্যঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক ইকবাল হোসেন ভবিষ্যতে অনুমোদনহীন মোড়ক ব্যবহার না করা, নিজস্ব ব্র্যান্ডের প্যাকেটে মেয়াদ উল্লেখ করা এবং খাবারের সঙ্গে প্লাস্টিকের খেলনা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিখিত মুচলেকা দেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




