মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজশাহীতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ১৫

রাজশাহী নগরীর পদ্মা সরকারি কলেজে (পূর্বনাম বঙ্গবন্ধু কলেজ) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ভদ্রা এলাকার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন বলে দুই সংগঠনের নেতারা দাবি করেছেন। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

শিক্ষার্থীরা জানান, একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা ও ভর্তি সহায়তা ক্যাম্পেইনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাদের ভাষ্য, শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল বের করে ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন।

e60e1862-dd4d-4f2c-a7b0-d56171b0ff4b

লিমন সাংবাদিকদের বলেন, তাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তার অভিযোগ, শিবিরের সঙ্গে ছাত্রলীগের লোকজনও মিশে গিয়ে তাদের ওপর হামলা করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে এর জবাব দেওয়ার জন্য মহানগর ছাত্রদল প্রস্তুত আছে।

তবে ছাত্রশিবিরের নেতাদের ভাষ্য, কলেজে ভর্তি সহায়তা দিতে হেল্প ডেস্ক বসানো হলে ছাত্রদলের নেতারা তাতে বাধা দেন এবং ব্যানার খুলে ফেলেন। পরে তর্কাতর্কির একপর্যায়ে তাদের ওপর হামলা করা হয়। এ সময় বহিরাগতরাও কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এতে শিবিরের তিনজন আহত হয়েছেন বলে দাবি করেন সংগঠনটির নেতারা।

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির বলেন, পদ্মা কলেজে গত তিন দিন ধরে ভর্তি কার্যক্রম চলছে। শাহ মখদুম থানা শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত সহযোগিতার জন্য হেল্প ডেস্ক বসানো হয়েছিল। তার অভিযোগ, মঙ্গলবার ছাত্রদলের কিছু বহিরাগত এসে তাদের ওপর হামলা করেন, ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এতে তাদের তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইমরান নাজির বলেন, শিক্ষার অধিকার সবার জন্য সমান হওয়া উচিত। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে মহানগর ছাত্রশিবির।

b658b0ee-e0d4-4ed3-b81a-f00f69a49fb5

চন্দ্রিমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম বলেন, পদ্মা কলেজের ঘটনায় দুপুরে একজনকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জাহিদ নামের ওই ব্যক্তির শরীরের তিন জায়গায় কেটে গেছে এবং কয়েকটি সেলাই দিতে হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর