মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
যুবদল নেতা জিএম মনির হোসেন (৫৪)।

বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে জিএম মনির হোসেন (৫৪) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরের কাটপট্টি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জিএম মনির হোসেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নগরের রোকেয়া আজিম সড়কের বাসিন্দা ও তিন সন্তানের জনক।

বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মঙ্গলবার সকালে জেলা ও মহানগর যুবদলের কর্মসূচি ছিল। মনির মহানগর যুবদলের মিছিলে অংশ নিয়েছিলেন।’

বাবলু বলেন, মিছিল নিয়ে কাটপট্টি এলাকায় যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান মনির হোসেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মনির হোসেনের মৃত্যু হয়েছে।

e84081e7-80c8-4798-b321-566130a3a0c8

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। মনির যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।’

এদিকে জিএম মনির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ বিএনপি ও যুবদলের নেতারা।

আরও পড়ুন

ফেনীতে যুবলীগ নেতা গোলাম মাওলা মিস্টার গ্রেফতার

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের সদর রোডে পৃথক সমাবেশ ও মিছিল করে জেলা ও মহানগর যুবদল। মহানগর যুবদল অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। পরে সেখান থেকে মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান ও সাবেক ছাত্রনেতা মুশফিকুর রহমান অভি প্রমুখ।

অন্যদিকে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল। সমাবেশ শেষে তারাও নগরে মিছিল বের করে। এ সময় সদর উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডে জড়ো হন।

সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

সমাবেশে নেতারা নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহত করার ঘোষণা দেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর