মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে ডেঙ্গুর ভয়াবহ রূপ: ভেঙেছে অতীতের সব রেকর্ড

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ডেঙ্গুর ভয়াবহ রূপ: ভেঙেছে অতীতের সব রেকর্ড
ফেনী জেনারেল হাসপাতাল। ছবি: ঢাকা মেইল

ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনেই জেলায় রেকর্ড ২৯৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের প্রথম ৯ মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪০ জনে, যা গত বছরের (২০২৫ সাল) মোট আক্রান্তের চেয়ে ৩৩৯ জন বেশি। সেপ্টেম্বর মাসের এই ২১ দিনেই শনাক্ত হওয়া রোগীর সংখ্যা গত পুরো বছরের মোট রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত জেলায় মোট ৫৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ২০২৫ সালে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০১ জন। গত আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ১৪৫ জন, যা সেপ্টেম্বরের শুরু থেকেই দ্রুত বাড়তে থাকে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ডেঙ্গুর সবচেয়ে বড় হটস্পট হয়ে উঠেছে ফেনী সদর উপজেলা। মোট আক্রান্তের প্রায় ৭৩ শতাংশই এই উপজেলার। ৫৪০ জন আক্রান্তের মধ্যে ৩৯৪ জনই সদরের, যার মধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই শনাক্ত হয়েছেন ২৪১ জন। অন্যান্য উপজেলার মধ্যে দাগনভূঞায় ৪৫, সোনাগাজীতে ৪৩, ছাগলনাইয়ায় ২৬, পরশুরামে ১৭ এবং ফুলগাজী উপজেলায় ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছর আক্রান্তদের মধ্যে জেলায় সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৩৮৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন রোগী। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ২০ জন, ছাগলনাইয়ায় ৪ জন, সোনাগাজীতে ২ জন এবং পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।

ডেঙ্গুর এমন ভয়াবহ বিস্তারে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, আগে ডেঙ্গুর প্রকোপ মূলত রাজধানীকেন্দ্রিক থাকলেও এখন তা জেলা শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পৌরসভা ও স্থানীয় প্রশাসনের মশক নিধন কার্যক্রমে সমন্বয় ও তৎপরতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রৌকন উদ দৌলা জানান, হাসপাতালে এমনিতেই অন্যান্য রোগীর চাপ অনেক বেশি, তার ওপর ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। সীমিত জনবল নিয়েই সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

পরিস্থিতি মোকাবিলায় সিভিল সার্জন মো. আরিফুজ্জামান বলেন, ফেনীতে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে ব্যক্তিগত সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এ সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে তিনি জানান, বর্তমানে জেলায় ৭ হাজার ৪৬৮টি ডেঙ্গু পরীক্ষার কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৫,১১৯টি, পরশুরামে ৩৬১টি, সোনাগাজীতে ১১৮টি, ফুলগাজীতে ৭২টি, দাগনভূঞায় ১৮টি এবং ছাগলনাইয়ায় ১৪টি কিট রয়েছে। 

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশা নিধনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর