ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির বিরুদ্ধে। এতে ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ অন্তত ৭ জন নেতাকর্মী আহত হন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম (হিরণ) খানের নেতৃত্বে একটি দাওয়াতি টিম গণসংযোগে বের হয়। টিমটি অললী বাঁশতলা বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা খুরশিদ, জসিম, মুমিন ও সোজন খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ অন্তত ৭ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
আরও পড়ুন
তিনি বলেন, নিগুয়ারীতে এর আগেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। আমরা থানায় অভিযোগ করলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপও কামনা করেন তিনি।
এ বিষয়ে দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইয়াছিন খান বলেন, এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্তা নাই। তবে, যেসব ছবি ছড়ানো হয়েছে, এগুলো এআই দিয়ে বানানো।
দক্ষিণ গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ জানান, জামায়াতের গণসংযোগে কিছু লোক বাধা সৃষ্টি করেছে বলে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




