মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের লাথির আঘাতে সিদ্দিক আলী (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার জামাই রাসেলকে (২৭) আটক করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক আলী গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামের মৃত রুপচানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। আটক রাসেল একই ইউনিয়নের পাশের বিশ্বনাথপুর গ্রামের মৃত হাবিবুর ওরফে হুবিল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দুইটার দিকে সিদ্দিক আলীর বাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে এক ব্যক্তি ঢোকে। পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলেন। এ সময় তারা দেখতে পান, ওই ব্যক্তি সিদ্দিকের মেয়ের জামাই রাসেল। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে রাসেলের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রাসেল তার শ্বশুর সিদ্দিক আলীকে লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রাসেল মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তিনি মাঝেমধ্যে চুরি করতেন বলেও অভিযোগ রয়েছে।
নিহত সিদ্দিক আলীর স্ত্রী রুনা বেগম বলেন, ‘রাতে আমার ছেলে চিৎকার করে বলে, আমাদের হ্যালো বাইকের ব্যাটারি চোর চুরি করে নিয়ে যাচ্ছে। পরে তাকে ধরে দেখি, সে আমার মেয়ের জামাই রাসেল। এ সময় রাসেল আমার স্বামীকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সিদ্দিক আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাসেলকে আটক করা হয়েছে। তবে স্থানীয় লোকজন তাকে মারধর করায় তিনি বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস




