সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ
অভিযুক্ত শিক্ষক ফজলুল হক

নেত্রকোনার পূর্বধলায় ধারে নেওয়া দুই লাখ টাকা ফেরত চাওয়ায় এক নারীকে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক (৪৭) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তুলসী রানী দে (৩৮) পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত সপ্তাহে তিনি এ অভিযোগ করেন।

অভিযুক্ত ফজলুল হক জেলা সদরের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছেন। তার বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায়।

আর অভিযোগকারী তুলসী রানী দে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক ফজলুল হকের শালিকা আখলিমা খাতুন তুলসী রানী দে’র প্রতিবেশী। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি শালিকার মাধ্যমে তুলসী রানীর কাছে বিশেষ প্রয়োজনে কিছুদিনের জন্য দুই লাখ টাকা ধার চান ফজলুল হক। ওই শিক্ষকের শালিকার অনুরোধে তুলসী রানী কোনো লিখিত কাগজপত্র ছাড়াই ফজলুল হককে দুই লাখ টাকা দেন।

অভিযোগে বলা হয়, টাকা দেওয়ার কয়েক মাস পর থেকে পাওনা টাকা ফেরত চাইতে থাকেন তুলসী রানী। কিন্তু ফজলুল হক টাকা দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে কয়েক দফা সালিস বৈঠক হয়। এসব বৈঠকে টাকা পরিশোধের জন্য সময় নিলেও অভিযুক্ত ব্যক্তি টাকা ফেরত দেননি। গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে পূর্বধলার নারান্দিয়া এলাকায় ফজলুল হকের বাড়িতে এ বিষয়ে আবারও সালিস বসে। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের উপস্থিতিতে ফজলুল হক এক মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার করেন। তবে এক মাস পেরিয়ে গেলেও টাকা পরিশোধ না করায় তুলসী রানী মুঠোফোনে কল করে পাওনা টাকা চান। এ সময় টাকা দিতে অস্বীকার করে ফজলুল হক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন।

তুলসী রানী বলেন, শালিকার অনুরোধে টাকা ধার দিলাম। ভাবছি শিক্ষক মানুষ সমস্যা শেষ হলে ফেরত দেবে। এখন টাকা চাইতে গেলে গালাগাল করে, হুমকি দেয়। তাই থানায় লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ফজলুল হক নিজেকে বিএনপির লোক বলে দাবি করে বলেন, টাকা আমাকে দেয়নি তুলসী রানী, দিয়েছে আমার শালিকাকে। সেই টাকা পরিশোধও করা হয়েছে। পরিশোধের প্রমাণও রয়েছে আমার কাছে।

 

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর