সাতক্ষীরার তালায় বাড়িতে মজুদ করে রাখা নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দের পর মশিউর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলার শুভাশিনী লাউতাড়া এলাকায় মশিউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এসব নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। র্যাব-৬ (সিপিসি-১) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, মশিউর রহমানের বাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের সারের নকল মোড়ক ও কৌটা ব্যবহার করে ভেজাল পণ্য মজুদ ও বাজারজাত করার অভিযোগ ছিল। অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫০০ কেজি অবৈধ কেমিকেল জব্দ করা হয়। এর মধ্যে ৬০০ কেজি প্যারা কোয়াড ও ৮৭০ কেজি জিংকসহ অন্যান্য ভেজাল উপকরণ রয়েছে।
র্যাব-৬ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব অবৈধ ও ভেজাল পণ্য জব্দ করা হয়েছে।
পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মশিউর রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
প্রতিনিধি/এলএ




