দৈনিক ইনকিলাবের ভ্রাম্যমাণ সংবাদদাতা ও কুমিল্লার চান্দিনার সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল (৪২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় সম্প্রতি কামাল আতাতুর্ক মিসেলকে ঢাকায় এনে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার বাদ আসর চান্দিনার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মুন্সী কামাল আতাতুর্ক মিসেল চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জের মুন্সীবাড়ির প্রয়াত কামাল হোসেন মুন্সীর ছোট ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে—আবসান কামাল মুন্সী (৮) ও আরাবী কামাল মুন্সী (৩)—এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কামাল আতাতুর্ক মিসেল দৈনিক রূপসী বাংলা ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পরে দৈনিক ইনকিলাবের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে দেশের ৬৪ জেলার মানুষের দুর্ভোগ, অনিয়ম ও বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ করেছেন।
তার মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক রূপসী বাংলা'র সম্পাদক আসিফ তরুনাভ, দৈনিক কুমিল্লার জমিন'র সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়, দৈনিক বাংলার আলোড়ন'র সম্পাদক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা কামাল আতাতুর্ক মিসেলের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, তিনি ছিলেন নিষ্ঠাবান ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। মাঠপর্যায়ে ঘুরে মানুষের দুঃখ-কষ্ট, অনিয়ম ও নানা সমস্যার সংবাদ তুলে ধরার ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রতিনিধি/এসএস




