সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) দ্রুতগতিতে যাওয়ার সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া শুভঙ্করকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস




