পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে এসব সামগ্রী জব্দ করা হয়।
গ্রেফতার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী এলাকার মৃত শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
আরও পড়ুন
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় শাওনের বাড়ির দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ৬৯টি শর্টগানের কার্তুজ জব্দ করা হয়। কার্তুজগুলোর গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। এ ছাড়া দুটি ওয়াকিটকি, দুটি দেশীয় ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার জব্দ করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জব্দ করা কার্তুজের সঙ্গে কোনো আসল অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস




