নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইন সেবনের দায়ে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পৌরশহরের নওহাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোহনগঞ্জ উপজেলার মাইলোরা গ্রামের জাকির হোসেনের ছেলে মিজানুর রহমান (২০) ও মো. আব্দুল মমিনের ছেলে আব্দুল্লাহ আল নিশাদ (২০) এবং নওহাল গ্রামের রোকনুজ্জামানের ছেলে মো. তৌহিদুজ্জামান (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল গ্রামে তৌহিদুজ্জামানের বসতঘরে হেরোইন সেবনের সময় ওই তিনজনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত তিনজনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, হেরোইন সেবনের সময় ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তদের বিকেলেই কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এফএ




