মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে তরুণরা সরকারকে লাল কার্ড দেখাবে’

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ এএম

শেয়ার করুন:

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে তরুণরা সরকারকে লাল কার্ড দেখাবে’

জুলাই সনদ বাস্তবায়ন না করলে তরুণ প্রজন্ম সরকারকে লাল কার্ড দেখাতে এক মিনিটও দেরি করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের শহীদ মিনার চত্বরে ‘নবীন বরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা জুলাই সনদে স্বাক্ষর করে জাতির কাছে অঙ্গীকার করেছিল নির্বাচনের পর তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। সেই ওয়াদা বাস্তবায়ন না করে জাতির সামনে নিজেদের মুনাফেক হিসেবে উপস্থাপন করেছে। অথচ বর্তমান সরকারপ্রধান উত্তরবঙ্গে এসে বলেছিলেন, আপনারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দয়া করে রায় দিন। যারা সেদিন গণভোটের পক্ষে ভিক্ষা চেয়েছিলেন, সেই ভিক্ষুক জাতি ক্ষমতায় আসার পর তারা নিজেদের মনিব মনে করছে।

ছাত্রশিবির সভাপতি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার নানা ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে শিবিরকে রগ কাটার দল হিসেবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে। তাদের এত নিপীড়ন-নির্যাতনের মধ্যে থেকেও আওয়ামী সরকারের আমলে শিবিরের কার্যক্রম তিনগুণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে আজ শিবির অত্যন্ত সুসংগঠিত একটি সংগঠন। নবীণ শিক্ষার্থীরা মানবিক মর্যাদা নিয়ে বেড়ে উঠবে এবং তারা নীতি-নৈতিকতা বজায় রেখে আগামীর বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করবে এটাই প্রত্যাশা।

কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য  মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতে ইসলামীর আমির এ টি এম আজম খান, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষে কারমাইকেল কলেজে ভর্তি হওয়া ১৮টি বিভাগের নিবন্ধিত দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর