বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জুয়ার আসর থেকে যুবদল নেতা-ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ আটক ৮

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

জুয়ার আসর থেকে যুবদল নেতা-ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ আটক ৮
জুয়ার আসর থেকে আটক ৮ জন। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিজিবি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পৌরশহরের টেংগাপাড়া এলাকার দেওয়ান কামরুল হাসান সায়েম, মো. জিয়া উদ্দিন, হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান, দৌলতপুরের মোহাম্মদ আলী রুবেল, উপজেলার পাবই গ্রামের মো. আমীন, মো. সোহেল রানা, ঝিকরওয়ালা গ্রামের মিনামুল ও সহিলদেও গ্রামের কমল মিয়া।

তাদের মধ্যে তিনজন সরকারি চাকরিতে রয়েছেন। এর মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার পদে কর্মরত, সোহেল রানা বিজিবি সদস্য ও জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত বলে জানা গেছে। 

এছাড়া কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলার আসর বসানো হয়। গোপন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ওই আটজনকে আটক করা হয়।

ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, আটকদের মধ্যে বিভিন্ন সংস্থা বাহিনীর সদস্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, তাদের মধ্যে সরকারি চাকরিরত কেউ আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে এমন যাদের পাওয়া যাবে, তাদের পরিচয়সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে। এটা আইনানুগ প্রক্রিয়ার অংশ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর