ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ রেলওয়ে থানাধীন কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরবাহী বিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে রাত ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এরপর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে মালবাহী ট্রেনের অন্য বগিগুলো মশাখালী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, জামালপুর কমিউটার ও যমুনা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
প্রতিনিধি/এসএস




