রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৫০
দুই পক্ষের সংঘর্ষ। ছবি: ঢাকা মেইল

হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলার অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩ সেপ্টেম্বর কাটখাল গ্রামের স্থানীয় বিএনপি নেতা কাজী লুৎফুর রহমানের বাড়ির পেছনের পুকুরে তার পরিবারের নারীরা গোসল করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা এজারত মিয়ার পক্ষের দুই ছেলে নারীদের গোসলের ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই জের ধরে রোববার সকালে কাজী লুৎফুর রহমান ও এজারত মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, সংঘর্ষের ঘটনায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর