রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশি ফেরত, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি, ​চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ এএম

শেয়ার করুন:

পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশি ফেরত, নিখোঁজ ১
পদ্মায় নৌকাডুবির ঘটনায় বিএসএফ কর্তৃক উদ্ধার ১০ বাংলাদেশি ফেরত

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতে ভেসে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

​শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ উদ্ধারকৃতদের হস্তান্তরের পর স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে তুলে দেয় বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

সীমান্তের ওপারে উদ্ধারের পর ফেরত আনা ব্যক্তিরা হলেন- মো. রাসেল (২৬), মো. ইব্রাহিম (৫০), সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া (২২) ও তার ২০ দিন বয়সী শিশু, সানাউল্লাহ (৯) এবং আল আমিন (৯)। উদ্ধার সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর গ্রামের জহুরপুর (বকরীপাড়া) গ্রামে।

আর ​নিখোঁজ ব্যক্তি হলেন- জহুরপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. মোস্তফা (৬০)। নিখোঁজ এই ব্যক্তির সন্ধানে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

এর আগে, এদিন বিকেল ৫টার দিকে বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে পদ্মা নদীর উত্তাল স্রোতে পড়ে নৌকাটি ডুবে যায়।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ​দুর্ঘটনার পর নৌকার যাত্রী মো. ওয়াসিম (২৩) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ১১ জন নিখোঁজ হন। পরবর্তীতে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্প থেকে বিজিবির সীমান্ত ফাঁড়ির কমান্ডারদের জানানো হয়, তারা নদী থেকে ১০ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) দ্রুত তাদের ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেয়। পরে রাত ৯টা ৫৫ মিনিটে ফরিদপুর বিওপি ও খান্দুয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ১০ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

​বিজিবি জানায়, উদ্ধার হওয়া প্রত্যেকেই সুস্থ আছেন। বিজিবির তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের আত্মীয় মো. ইসমাইল হোসেনের কাছে তুলে দেওয়া হয়।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর