শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কবরস্থানের ১৪০টি মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা, এলাকাবাসীর ক্ষোভ

জেলা প্রতিনিধি, ​চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ এএম

শেয়ার করুন:

কবরস্থানের ১৪০টি মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা, এলাকাবাসীর ক্ষোভ
ছবি: ঢাকা মেইল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানের প্রায় ১৪০টি মেহগনি গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে একদল দুর্বৃত্ত। 

মাত্র তিন মাস আগে রোপণ করা গাছগুলো এভাবে কেটে ফেলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পবিত্র স্থানের গাছ কেটে পরিবেশ নষ্টকারী এই অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

​স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ২০১৫ সালে স্থাপিত আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানের ফাঁকা জায়গায় পরিবেশের সৌন্দর্য রক্ষা ও ছায়াঘেরা পরিবেশ তৈরির লক্ষ্যে গত তিন মাস আগে ১৬৮টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়। 

সযত্নে বেড়ে ওঠা এসব চারার মধ্য থেকে রাতের আঁধারে কে বা কারা পরিকল্পিতভাবে ১৪০টি গাছ কেটে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে গোরস্থান পরিচালনা কমিটিকে খবর দেন।

​এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয়রা বলেন, গাছগুলো বড় হলে কবরস্থানের নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশের অনেক উপকার হতো। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের চারাগাছ এভাবে বিনাশ করা একেবারেই মেনে নেওয়া যায় না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা।

গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মুবিন মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, একটি সরকারি কবরস্থানের গাছ রাতের আঁধারে কেটে ফেলা অতীব নিন্দনীয় ও ন্যাক্কারজনক কাজ। যারা এই অপরাধে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর জোর হস্তক্ষেপ কামনা করছি।

​কমিটির সদস্য ও স্থানীয় অধিবাসীদের ধারণা, গাছ রোপণের স্থানে আগে স্থানীয় কিছু যুবক খেলাধুলা করত। পরবর্তীতে সেখানে গাছ রোপণ করে খেলাধুলার সুযোগ বন্ধ করায় কোনো ক্ষুব্ধ গোষ্ঠী প্রতিশোধপরায়ণ হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কাদের হাত রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​এ বিষয়ে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, যখন সারা দেশে বৃক্ষরোপণে জোর দেওয়া হচ্ছে, তখন কবরস্থানের গাছ কেটে ফেলার মতো ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

​ঘটনার সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত শুরু করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর