লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা।
ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলমের ভাষ্য মতে, তিনি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার কালীবাজার সড়কে ব্যবসা করছেন। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় দেলোয়ার পেট্রোলের বোতল নিয়ে তার দোকানে আসেন। এসময় তিনি দোকানের মালামালের ওপর পেট্রোল ছিটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার পাশে বসে থাকা ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে মারধর করা হয়। এ সময় দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে তাকেও মারধর করা হয়। আশপাশের লোকজন তাকে (শাহেদ) উদ্ধার করতে এগিয়ে গেলে দেলোয়ার, তার ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে ৯৯৯ ফোন করা হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। এতে দেলোয়ারকে প্রধান করে শাকিল ও মুন্নাকে আসামি করা হয়।
চাঁদা দাবি ও ব্যবসায়ীদের মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এরপর থেকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, অভিযুক্তরা মাদকাসক্ত। ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চলছে।
প্রতিনিধি/এলএ




