গাইবান্ধার সাদুল্লাপুরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দামোদরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল লতিব ওরফে আইয়ুব আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আব্দুল মোত্তালিব সরকার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আইয়ুব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে নির্মাণকাজে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন সময়ে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও অভিযোগ করা হয়, দাবিকৃত চাঁদার টাকা না দিলে ক্ষয়ক্ষতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। মামলায় আইয়ুব আলীকে এক নম্বর আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেফতার করে। তিনি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি বাসে ছিলেন। বাসটি পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদীর অভিযোগ, আসামিরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে চাঁদা আদায়ের চেষ্টা করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে তিনি সাদুল্লাপুর থানায় মামলা করেন।
তবে মামলায় করা অভিযোগের সত্যতা এবং আইয়ুব আলীর বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে ৯ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




