বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব সুন্দরবনে নারিকেলবাড়িয়ায় শুক্রবার ভোরে একটি ট্রলারসহ চার বস্তা হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। এ সময় শিকারীরা ট্রলার থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, আমার নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলের সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় একটি ট্রলার দেখে সেটিকে থামাতে নির্দেশ দেয়। বনরক্ষীদের দেখতে পেয়ে ট্রলার আরোহী ৬/৭ জন শিকারী ট্রলারটি সুন্দরবনের পাড়ে ভিড়িয়ে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।
আরও পড়ুন
সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ মাছ শিকার, ২ জেলে আটক
বাগেরহাটের জিয়া অরফানেস ট্রাস্ট পুনরায় চালুর দাবি
তিনি জানান, এ সময় ট্রলারটি সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায়। বনরক্ষীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ডুবন্ত ট্রলারটিকে টেনে শেলারচরে নিয়ে যায়। বনরক্ষীরা ট্রলারে তল্লাশী চালিয়ে চার বস্তায় বিপুল পরিমাণ হরিণ শিকারের মালা ফাদঁ জব্দ করেন। ট্রলারটি ডুবে যাওয়ায় ককশিটের বাক্স ভর্তি বরফসহ শিকারীদের অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে গেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে সুন্দরবনে হরিণ শিকারীদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচয়ের শিকারী চক্র ককশিটের বাক্স ভর্তি বরফসহ মালা ফাঁদ নিয়ে হরিণ ধরার জন্য সমুদ্র পথে সুন্দরবনের নারিকেলবাড়িয়া এলাকায় গিয়েছিল।
প্রতিনিধি/এফএ




