রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে আসাদুল শেখ ও মো. আরিফ হাওলাদার ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। 

এর আগে এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং হত্যার কারণ সম্পর্কেও তথ্য দিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।

পুলিশের তথ্যমতে, জেলার কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে গত ২ আগস্ট দিবাগত রাত থেকে ৪ আগস্ট ভোর ৫টার মধ্যে কোনো এক সময় একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়। ৪ আগস্ট সকাল ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে কচুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। 

পরে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কচুয়া থানায় হত্যা মামলা করা হয়।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কচুয়া থানা-পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ১৩ আগস্ট জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আসাদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রাত ১১টার দিকে চান্দেরকোলা গ্রামের নিজ বাড়ি থেকে মো. আরিফ হাওলাদার ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ ও একটি কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কথা জানান।

পুলিশের দাবি, নিহত আহাদের পরিবারের এক নারী সদস্যের সঙ্গে আগে গ্রেফতার হওয়া জাহিদুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে নিহত মনিরা বেগমের সঙ্গে জাহিদুলের বিরোধ সৃষ্টি হয়। একই সময়ে জাহিদুলের নিজের সংসারেও পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এসব বিরোধের জেরে জাহিদুলের পরিকল্পনায় অন্যদের সহযোগিতায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতার তিনজন হলেন—কচুয়ার চান্দেরকোলা গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম, সুলতান শেখের ছেলে আসাদুল শেখ এবং একই গ্রামের বারিক হাওলাদারের ছেলে মো. আরিফ হাওলাদার ওরফে বাবু।

 প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর