শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরগুনায় এক ‘রাজা ইলিশ’ বিক্রি ১৫ হাজার ৯৩০ টাকায়

জেলা প্রতিনিধি,  বরগুনা
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ এএম

শেয়ার করুন:

বরগুনায় এক ‘রাজা ইলিশ’ বিক্রি ১৫ হাজার ৯৩০ টাকায়
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেয় মেসার্স নিউ আল আমিন ফিশ।

খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলে আলতাফ হোসেন মাঝির জালে রাতে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি বিএফডিসি মৎস্য ঘাটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। সেখানে নিলামে প্রতি মণ ২ লাখ ৩৬ হাজার টাকা দরে নিউ আল আমিন ফিশের পলাশ নামের এক পাইকার মাছটি কিনে নেন। হিসাব অনুযায়ী, মাছটির দাম পড়ে ১৫ হাজার ৯৩০ টাকা।

বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে বড় আকারের ইলিশের সংখ্যা তুলনামূলক কম। এর মধ্যেও জেলের জালে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের রাজা ইলিশ ধরা পড়ায় আমরা খুশি। এখন মাছটি খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হবে।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা এখনও আশানুরূপ মাছ পাচ্ছেন না। সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছি।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর