মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় ভেজাল ও অনিয়ম বিরোধী তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ( ৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বামনপাড়া এলাকার জ্বালানি গ্যাস, সার, বীজ, কীটনাশক ও রড-সিমেন্ট ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় রড বিক্রয়ের ওজনমাপক যন্ত্র ভেরিফিকেশন না থাকায় মেসার্স জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং অবৈধভাবে জ্বালানি গ্যাস মজুত ও বিক্রয়ের অপরাধে মেসার্স এ আর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রাফাদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে ও ভোক্তা-অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এলএ




