হবিগঞ্জে পৃথক মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা, গাঁজা, মদ, শাড়ি, বাংলাদেশি রসুন ও একটি বাইসাইকেলসহ মো. আশিক (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধীন মনতলা, সিন্দুরখান ও তেলিয়াপাড়া বিজিবি ফাঁড়ির (বিওপি) টহলদল গত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালায়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৯ হাজার ৪৫০ টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার রামনগর ও লেকেরপাড় এবং শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া-বেলতলী এলাকায় টহল ও অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করা হয়। এ সময় মো. আশিককে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো. রব মিয়ার ছেলে।
এ ছাড়া সোমবার রাতে মনতলা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার চৈতন্যপুর এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা মাদক ও অন্যান্য চোরাচালানের মালামালের বিষয়ে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে ৫৫ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে মাদক ও পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




