বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ।

অভিযানে শমসেরনগর এলাকার আলীবাবা রেস্টুরেন্টে প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ছাড়া দইসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে বিভিন্ন ধরনের রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের মতো অনিয়ম পাওয়া যায়।

এ ছাড়া রেস্টুরেন্টটিতে মাছির উপদ্রব, খোলা খাবারে মাছি বসা, বাসি ভাত ও তরকারি সংরক্ষণ, কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একই ফ্রিজে রাখা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ করা এবং ঢাকনাবিহীন পাত্রে খাবার সংরক্ষণের মতো অনিয়মও পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অন্যদিকে, একই অভিযানে সিমা আইস্ক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া আইস্ক্রিম উৎপাদন, কাপড়ে ব্যবহৃত রং ও বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনস্থলে টয়লেটে ব্যবহৃত বদনা রাখা, প্রয়োজনীয় লেবেল না থাকা এবং প্যাকেটে উল্লেখ করা উপাদানের যথাযথ তথ্য ও প্রমাণ প্রদর্শনে ব্যর্থতার মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৫২ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে পৃথক দুটি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর