আসন্ন ইউনিয়ন পরিষদ (*ইউপি) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একক প্রার্থী দিয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বরগুনা পৌর শহরের হোটেল বে অব বেঙ্গলে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি এককভাবে প্রার্থী দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করেছি। খুব শিগগিরই এনসিপি সমর্থিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের ঘোষণা করা হবে।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী স্থানীয় নির্বাচনে দেশের প্রত্যেকটি ইউনিয়নে এনসিপির প্রার্থী এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিজয়ী হবে, ইনশাআল্লাহ।’
বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘এখন আর ‘শিশু সরকার’ বলে দায় এড়ানোর সুযোগ নেই।’
তিনি বলেন, ‘সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা করে সংকট কাটিয়ে উঠতে হবে। বিএনপি সমস্যাগুলো স্বীকার করে একসঙ্গে কাজ করতে চাইলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত।’
এসময় চাঁদাবাজি, প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের অভিযোগ অস্বীকার না করে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
সারজিস আলম বলেন, ‘অপরাধীদের কোনো রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয় দেওয়া উচিত নয়। যারা কোনো দলের সমর্থক ছিলেন কিন্তু অপরাধ করেননি, তারা যেকোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। তবে অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
শেখ হাসিনার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা এক হাজার ৪০০ মানুষকে খুন করে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবেন না। শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও এই দেশে হবে না।’
এসময় দেশের জ্বালানি, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের সংকট নিয়েও কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, ‘সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর চাওয়া অনুযায়ী এনসিপির সংসদ সদস্যরা লিখিতভাবে পরামর্শ দিয়েছেন এবং সংসদেও বিষয়গুলো তুলে ধরেছেন। তবে পরামর্শ নিয়ে তা বাস্তবায়ন না করলে সংকট থেকে কাঙ্ক্ষিত উত্তরণ সম্ভব নয়।’
তিনি সরকারকে কথার ফুলঝুরি না ছড়িয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনের সহযোদ্ধা বাঁধনকে হেনস্তার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো দলীয় বিবৃতি বা ব্যবস্থা দেখা যায়নি।’
তিনি বলেন, ‘এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
সম্প্রতি হামলায় চোখ হারানো অলিফের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের ভাই অলিফের একটা চোখ রড দিয়ে তুলে ফেলা হয়েছে। সারাজীবন সে ওই চোখে দেখতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি।’ তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক আল নাহিয়ান, কেন্দ্রীয় সংগঠক মহিউদ্দিন রনি, বরিশাল অঞ্চলের বিভাগীয় সংগঠক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএম




