জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে দুই হাতে দুটি হাসুয়াসহ শাকিল আহাম্মেদ (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে উপস্থিত জনতা। পরে তাকে ধারালো অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয়।
হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে রোববার সন্ধ্যায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক শাকিল আহাম্মেদ জয়পুরহাটের কালাই উপজেলার ছত্রগ্রামের বাসিন্দা।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শাকিলের বোন সুরাইয়া বেগমকে তার স্বামী মিনহাজুল ইসলাম মারধর করেন। ঘটনার পর শনিবার মিনহাজুল বিষপান করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে ক্ষুব্ধ শ্যালক শাকিল দুটি হাসুয়া নিয়ে হাসপাতালে ঢুকে দুলাভাইয়ের ওপর হামলার চেষ্টা চালান। তবে কোপ দেওয়ার আগেই উপস্থিত রোগী ও স্বজনেরা তাকে ধরে ফেলেন এবং অস্ত্র দুটি কেড়ে নেন।
সংবাদ পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টার দিকে শাকিলকে গ্রেফতার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এলএ




